লকডডাউনে দেশের গতি অক্ষুন্ন রেখেছে ইন্টারনেট

২৫ মার্চ, ২০২০ ১৬:০৯  
করোনা মোকাবেলায় অনেকটাই লকড ডাউন হয়ে পড়েছে পুরোদেশ। জটলা ও সমাবেশ এড়িয়ে মানুষে-মানুষে তৈরি হচ্ছে নিরাপদ দূরত্ব। তবে এই দূরত্বকে ঘুচে দিয়েছে ডিজিটাল প্রযুক্তি। অফিস-আদালত বন্ধ থাকলেও ইন্টারনেট সংযোগ এবং ভিডিও কনফারেন্সে চলছে দাপ্তরিক কাজ। সরকারি-বেসরকারি প্রতিটি অফিসই এখন চলছে এই ডিজিটাল মাধ্যমে। ব্যবহৃত হচ্ছে হোয়াটস অ্যাপ, জুম, সিসকো, ওয়েনএক্স, স্ল্যাক, গুগল হ্যাং আউট এর মতো যোগাযোগ প্লাটফর্ম। এসব প্লাটফর্ম ব্যবহার করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হাইটেকপার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর প্রতিদিনই প্রেস ব্রিফিং করছেন ভিডিও কনফারেন্সে। অফিসের পাশাপাশি জুম প্লাটফর্মে নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডও পরিচালনা করছেন আইসিটি প্রতিমন্ত্রী। অপরদিকে সাইবার নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনেক প্রতিষ্ঠান নিজেরাই কাজের উপযোগী করে নিজস্ব প্লাটফর্ম তৈরি করে কাজ করছেন। আবার সেই প্লাটফর্ম অন্যদের মধ্যে শেয়ারও করছেন। এরই একটি প্লাটফর্ম থ্রিসিএক্স। এটি ব্যবহার করে দেশজুড়ে বিস্তৃত নিজেদের ইন্টারনেট নেটওয়ার্ক সেবাকে নিরবিচ্ছিন্ন রাখছে আইসিসি কমিউনিকেশন লিমিটেড।